নিজস্ব প্রতিবেদক : দেশের বিদ্যমান পরিস্থিতিতে যারা সংলাপ আহ্বানের কথা বলছেন তাদেরকে উদ্দেশ্য করে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, যারা সংলাপের কথা বলে তারা কেউ বার্ন ইউনিটে যাননি। মানুষ পোড়ানোর রাজনীতি বিএনপির বৈশিষ্ট্য। তাই তাদের সাথে কোনো দিনও সংলাপের সম্ভাবনা নেই।
রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাসিম।
সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধ তামাশায় পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, জনগণ এখন এসবকে তামাশা মনে করছে। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। দানবের শক্তিতে নয়। সারাদেশের ব্যবসায়ীরা দোকান খুলছে, ট্রাক চালক ট্রাক চালাচ্ছে, সব চলছে। সারাদেশের সবকিছু স্বাভাবিক। এ হরতালের সঙ্গে এখন জনগণের কোনো সম্পর্ক নেই জানিয়ে নাসিম আরো বলেন, যে লড়াই চলছে সে লড়াইয়ে চূড়ান্ত পর্যায়ে জনগণেরই জয় হবে।
এসময় নাসিম ১৪ দলের কর্মসূচি ঘোষণা করেন। কমূসূচির অংশ হিসাবে ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু এভিনিউ থেকে ১৪ দলের গণমিছিল অনুষ্ঠিত হবে। মিছিল শেষ হবে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে।
এছাড়াও ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ১৪ দল বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের সঙ্গে মতবিনিময় সভা করবে। ২৩ ফেব্রুয়ারি রাজশাহীর কাটাখালিতে অনুষ্ঠিত হবে সমাবেশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মানবের সঙ্গে দানবের কোন সংলাপ হয় না। যারা সংলাপের কথা বলে মানব ও দানবকে এক টেবিলে আনতে চান, তারা আসলে দানবের অপরাধগুলো মুছে ফেলতে চান। দানবের জায়গা সংলাপের টেবিলে নয়। আদালতের বারান্দা ও কারাগার।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।

