ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘সহিংসতা যদি রাজনৈতিক পালা বদলের মাধ্যম হয় তাহলে কেউই আর রাজনীতি করবে না, সহিংসতাকারীদের লালন পালন করবে।’
শনিবার দুপুরে ঝালকাঠি চেম্বার ভবনে আয়োজিত স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাস-ট্রেনের যাত্রীদের কি অপরাধে বোমা মেরে হত্যা করা হচ্ছে জানতে চেয়ে মন্ত্রী বলেন, ‘এটি যদি রাজনীতি হয় তাহলে আমাদের সন্তানরা ছাত্রলীগ-ছাত্রদল করার বদলে বোমা তৈরি শিখবে।’
তিনি বলেন, ‘মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা দেশের জন্য মঙ্গলজনক নয়।’
ঝালকাঠি চেম্বার সভাপতি সালাহ উদ্দিন আহমেদ সালেকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মো. মজিদ আলী, চেম্বারের সাবেক সভাপতি মাহাবুব হোসন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান, ব্যবসায়ী লিয়াকত আলী তালুকদার প্রমুখ।
এর আগে মন্ত্রী ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়ক প্রকল্লের কার্যালয় উদ্বোধন এবং যুব কল্যাণ তহবিলের আওতায় ছয়টি যুব সংগঠনকে এক লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।

