রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের জনসভায় ককটেল হামলার ঘটনায় চার ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
আটকরা হলেন- উপজেলার আড়ানী পিয়াদাপাড়া গ্রামের এমাজ উদ্দিনের ছেলে মানিক হোসেন, আলিমুদ্দিনের ছেলে আরিফুল ইসলাম, কুশাবাড়িয়া গ্রামের মৃত আসমত মন্ডলের ছেলে মফিজুর রহমান ও চারঘাটের রাওথা গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে কাউছার হোসেন।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ওই ঘটনায় অজ্ঞাত পরিচয় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তারা সবাই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে থানায় রেখে তাদের প্রাথমিক জিঙ্গাসাবাদ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্যও বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে উপজেলার মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মীরগঞ্জ হাইস্কুল মাঠে সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে তার বক্তব্যের শেষ পর্যায়ে দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

