নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ ১৩ ফেব্রুয়ারি শুক্রবার কৃষিবিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানীর খামাবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বর কৃষিবিদদের মিলনমেলায় পরিণত হয়।
দিবসটি পালন উপলক্ষে সকাল ৭টায় কৃষিবিদরা কেআইবি চত্বরে সমবেত হন। এরপর কেআইবি সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে র্যালিসহকারে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এ সময় বিসিএস কৃষি ক্যাডার এসোসিয়েশন, কেআইবি ঢাকা মহানগর শাখা, বিসিএস লাইভস্টক এসোসিয়েশন, বিসিএস ফিশারিজ এসোসিশেয়ন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, ব্রি, বারি, পাট গবেষণা ইনস্টিটিউট ও এসআরডিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিন বিকেল ৪টায় কেআইবি চত্বরে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

