‘বাঙালির মুক্তি ও এদেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, দুর্নীতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর শিক্ষা আমাদের লালন করতে হবে।’
রোববার (২০ মার্চ) দুপুরে রাজধানীর প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি) আয়োজিত এক আলোচনা সভায় সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শিক্ষা দিয়েছেন সুশাসনের। আমরা বাংলাদেশের জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, দুর্নীতির মূলোৎপাটন ও সম্পদের সুষম বণ্টন করবো। কোনো ক্ষেত্রে বৈষম্য থাকতে পারবে না।
জেপির সাধারণ সম্পাদক বলেন, আমরা যদি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের দিকে লক্ষ্য করি, সেখানে বঙ্গবন্ধু বলেছিলেন- ভাইয়েরা আমার, মানে তিনি বুঝিয়েছেন আমরা হিন্দু-মুসলিম সবাই ভাই। আমাদের ঐক্যের যেন কোনো ফাটল না ধরে সেজন্য আমাদের সাবধানে থাকতে হবে। আমাদের যেন কোনো বদনাম না হয়।
তিনি বলেন, জাতির পিতার চিন্তা ছিল সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করা। ১৯৭২ সালের সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সেটা বাস্তবে রূপ দিয়েছিলেন। বঙ্গবন্ধু স্বাধীন হওয়ার মাত্র এক বছরের মাথায় একটি সংবিধান দিয়েছেন। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হচ্ছে।
শহিদুল ইসলাম বলেন, অনেকে বলে বিদেশিদের সাহায্যে আমরা যুদ্ধ করেছি। যুদ্ধে আমাদের প্রধান অস্ত্র রাইফেল-কামান-বন্দুক ছিল না, প্রধান অস্ত্র ছিল ঐক্য। সুন্দরবন থেকে তামাবিল ও টেকনাফ থেকে তেতুলিয়া সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। আমাদের মনে রাখতে হবে এ ঐক্য যেন নষ্ট না হয়।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, নাজমুন নাহার প্রমুখ।

