নিজস্ব প্রতিবেদক : গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘রাজনৈতিক সঙ্কটের কারণে সৃষ্ট পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে অবৈধ ক্ষমতাসীনদেরই নিতে হবে।’
‘ভুয়া নির্বাচনের মাধ্যমে জবরদস্তি ক্ষমতায় থাকার স্বপ্নসাধ গণআন্দোলনে ধূলিস্যাৎ হয়ে যাবে’ বলেও হুঁশিয়ার করেছেন আত্মগোপনে থাকা এই বিএনপি নেতা।
সোমবার ই-মেইলের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘বুদ্ধিবৃত্তিক আলস্য বা প্রতিবন্ধিত্বের কারণে আওয়ামী নেত্রীর নিজের সৃষ্ট রাজনৈতিক সঙ্কটকে আইন-শৃঙ্খলা সমস্যা হিসাবে আখ্যায়িত করাকে জাতি প্রধানমন্ত্রীর মানসিক বৈকল্য ছাড়া আর কিছুই মনে করে না। তিনি ইদানিং প্রায়শই বলে থাকেন যে, জনগণের জানমালের নিরাপত্তার জন্য যা যা করার দরকার তিনি তাই করবেন। সমগ্র জাতি আজ আপনার ও আপনার সরকারের পদত্যাগ চায়, আপনি দয়া করে এই কাজটি করলেই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে বলে গোটাজাতি মনে করে।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ‘দানবের কাছে জাতি মানবীয় শবক শুনতে চায় না।’
বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান সম্পর্কে সালাহ উদ্দিন বিবৃতিতে বলেছেন, ‘শেখ হাসিনার গণতন্ত্রে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের ফুটপাথেও বসার অধিকার নেই, ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে দলননীতি অবলম্বন করাই আওয়ামী রাজনীতির রোডম্যাপ।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘জাতির বরেণ্য এবং জৈষ্ঠ্য নাগরিকদের উপর্যপুরী অবজ্ঞা ও অপমান করেছে আওয়ামী লীগ ও তার নেত্রী শেখ হাসিনা। নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুসকে অসম্মান ও অপদস্থ করে বিশ্বের দরবারে দেশকে অপমানিত করা হয়েছে।’
ঢাকা ব্শ্বিবিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিনের বাসায় দুর্বৃত্তদের গুলিবর্ষণের প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে ওই ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান সালাহ উদ্দিন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা বারবারই বলে আসছি যে, সরকার পেট্রোলবোমা হামলাসহ বিভিন্ন নাশকতার ষড়যন্ত্র বাস্তবায়নের মাধ্যমে সরকারবিরোধী গণআন্দোলনকে কলুষিত করে বিরোধী দলীয় আন্দোলনকারী নেতা-কর্মীদের ওপর এর দায় চাপিয়ে আন্দোলনকে নস্যাৎ করতে চায়। সরকার পরিচালিত ও প্রযোজিত একই রকম নাটকের অংশ হিসেবে গতকাল চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার যুবলীগের কার্যালয় থেকে বিপুল পরিমান পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে যার সচিত্র প্রতিবেদন আজ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। অথচ সরকারদলীয় কাউকেই গ্রেপ্তার করা হয়নি। সুতরাং জাতির কাছে এটা পরিষ্কার যে, এ সমস্ত নাশকতার সাথে কারা জড়িত।’
‘প্রতিদিন আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় দলবাজ কর্মকর্তার নৃশংসতায় আন্দোলনকারী নেতা-কর্মীদের লাশের স্তুপ উঁচু হচ্ছে; গুম-খুন-অপহরণ, গণগ্রেপ্তারে সারাদেশের অবস্থা বিস্ফোরণউন্মুখ। আমি এখনও দলবাজ সেইসব কর্মকর্তাদের আহ্বান জানাই- অবৈধ সরকারকে টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করবেন না। অবৈধ সরকারি আদেশ আপনারা মানতে বাধ্য নন। জনগণের বিপক্ষ শক্তি হিসেবে নিজেদের দাঁড় করাবেন না। বিজাতীয় শত্রুর ভূমিকায় অবতীর্ণ হবেন না।’

