নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে বাংলাদেশের এতো মানুষকে খাওয়ানো সম্ভব হচ্ছে। এবছর আমরা আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ রেখে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় চাল রপ্তানি করতে পেরেছি। বাংলাদেশে জৈবপ্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে কৃষিক্ষেত্রে সমৃদ্ধি সম্ভব।’
রোববার বার্ক (BARC) অডিটরিয়ামে আয়োজিত গ্লোবাল দৃষ্টিকোণে বায়োটেক ফসল এবং খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচন তার অবদান র্শীষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিবিজ্ঞানীদের প্রশংসা করে তিনি বলেন, ‘কৃষিক্ষেত্রে উন্নতির জন্য সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার আমাদের দেশের কৃষক এবং কৃষি সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। আমরা প্রমাণ করেছি প্রাজ্ঞ নেতৃত্ব এবং দেশপ্রেম থাকলে শত প্রতিকূলতার মধ্যেও যেকোনো সফলতা অর্জন করা সম্ভব।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার বিজ্ঞানের ব্যাপারে অধিক সতর্ক। বিজ্ঞানের অনেক সুবিধা এ সরকার সবার হাতে তুলে দিয়েছে।’
বায়োটেক প্রযুক্তিকে সাধুবাদ দিয়ে মন্ত্রী বলেন, ‘বায়োটেকের ফলে পেস্টিসাইট ইনপুট গত বছর ১৬৮ কোটি টাকা কম হয়েছে।’
তিনি এ প্রযুক্তিকে বাংলাদেশের সব জনসাধারণকে সাদরে গ্রহণ করার আহ্বান জানান। পাশাপাশি যারা এর বিরোধিতা করছে তাদের থেকে দূরে থাকার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, ‘ষাটের দশকে বাংলাদেশে যখন হাই ইলডিং ভ্যারায়টির আবির্ভাব হয় তখন সকলে ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া দেখায়। কেউ তখন তা মেনে নিতে পারে নাই। কিন্তু এখন সেই সব ভ্যারায়টি বাদে চলতেই পারে না।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন আইসার (ISAAA) প্রতিষ্ঠাতা অ্যামিরিটাস সভাপতি ড. ক্লাইভ জেমস।
তিনি বাংলাদেশসহ সারাবিশ্বে বায়োটেক প্রযুক্তির বর্তমান অবস্থা সবার সামনে তুলে ধরে বলেন, ‘পৃথিবীর মোট ২৮টি দেশের ১৮ মিলিয়ন গরিব কৃষক কর্তৃক ১৮১ দশমিক ৫ মিলিয়ন হেক্টর জমিতে বায়োটেক ফসলের চাষ করা হয়।’
তিনি আরও বলেন, ‘চাষকৃত বায়োটেক ফসলের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়েছে। যা সহস্রাব্দ উন্নয়ণ লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে বলে বিজ্ঞানীরা মনে করেন।’
বাংলাদেশ সরকারের অনুমোদনের পর থেকে বাংলাদেশে বায়োটেক প্রযুক্তির প্রসারে সবার পাশাপাশি বর্তমান সরকারকে ধন্যবাদ দেন ড. ক্লাইভ জেমস।
কৃষিসচিব ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বায়োটেকনোলজি সংশ্লিষ্ট দেশি-বিদেশি গবেষক, বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও শিক্ষার্থীরা, গণমাধ্যমকর্মী এবং বায়োটেক সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধাররা উপস্থিত ছিলেন।

