নিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকীর অবস্থান স্থল থেকে পুলিশ মঞ্চ, শামিয়ানা ও ব্যবহৃত টয়লেট তুলে নেয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদোজা চৌধুরী (বি চৌধুরী) তার (কাদের সিদ্দিকীর) টয়লেটটি ফেরত দেয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘কয়কদিন আগে এখানে এসেছিলাম। তখন এখানে চকি ছিল শামিয়না ছিল টয়লেট ছিল। কিন্তু আজ দেখলাম কিছুই নাই। শুনেছি পুলিশ এগুলো নিয়ে গেছে। জানি না টয়লেট নিয়ে এরা কী করবে। অন্ততপক্ষে বঙ্গবীরের টয়লেটটা ফেরত দিন।’
তিনি বলেন, ‘দেশে বর্তমানে বিশৃঙ্খলা হচ্ছে। শুধু বিশৃঙ্খলা নয় বিশৃঙ্খলার পরবর্তী রূপ সংকটও চলছে। এ পরিস্থিতির মধ্যে দিয়ে অগণতান্ত্রিক কেউ ক্ষমতায় আসলে এর দায়ভার সরকারকে নিতে হবে।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশে প্রশ্ন রেখে বি চৌধুরী বলেন, ‘আপনি দেখেননি বঙ্গবন্ধু ধৈর্য ধরে পাকিস্তানের সাথে আলোচনা করেছেন? যদিও আলোচনা ফলপ্রসূ হয়নি। ফলপ্রসূ না হলেও রাজনীতিতে আলোচনা করতে হয়। বর্তমান সংকটও সংলাপ ছাড়া সমাধান হবে না। তাই অতি দ্রুত আলোচনা করুন, সব দলের অংশগ্রহণে নির্বাচন দেন। সংলাপ যদি দেশের মানুষের চাপে না হয় তাহলে বিদেশি চাপে হলেও করতে হবে।
অবরোধে প্রসঙ্গে তিনি বলেন, ‘রোম সম্রাজ্য যখন পুড়ছিল তখন নিরো বাঁশি বাজিয়েছিলেন। বর্তমান বাংলাদেশ পুড়ছে আর আপনারা বাঁশি বাজাচ্ছেন। প্রধানমন্ত্রী আপনি কি শান্তি চান না?’
তিনি আরো বলেন, ‘৫ জানিুয়ারি নির্বাচনের পর অর্থমন্ত্রী বলেছিলেন, নিয়ম রক্ষার নির্বাচন হয়েছে। এক বছর অতিবাহিত হওয়ার পরও আপনারা সব দলের অংশগ্রহণে এখনও নির্বাচন দিচ্ছেন না। যদি কোনো সংলাপ না হয় তাহলে দেশে গৃহযুদ্ধ হওয়ার আশঙ্ক্ষা দেখা দেবে।’

