নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিনী নাসরিন সিদ্দিকী বলেন, ‘আপা শামিয়ানা আর কাঁথা-বালিশটা না নিলে কি আপনার চলতো না?’
বৃহস্পতিবার দুপুরে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে এ কথা বলেন।
নাসরিন সিদ্দিকী বলেন, ‘দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য বঙ্গবীর কাদের সিদ্দিকী অবরোধ প্রত্যাহার এবং দুই নেত্রীকে আলোচনায় বসার জন্য আজ ১০ দিন ধরে মতিঝিলের ফুটপাতে অবস্থান করছে, অথচ ফুটপাতে বসার শামিয়ানা আর কাঁথা-বালিশ পুলিশ তুলে নিয়ে গেছে।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ভাবী অবরোধ প্রত্যাহার করুন, অবরোধে দেশের মানুষ পুড়ে মরছে, দেশের সব স্কুল-কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা (শেখ হাসিনা-খালেদা জিয়া) আলোচনায় বসুন। আপনারা আলোচনায় বসলে মানসম্মান কমে যাবে না। দেশের মানুষ শান্তিতে থাকবে।’
বেলা সোয়া ১২টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রপতি একিউ এম বদরুদোজ্জা চৌধুরী। আরো থাকবেন সাবেক মন্ত্রী আবুল হাসান চৌধুরী।

