নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ‘মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।’
শুক্রবার বিকেলে হাফিজ তার নিজ বাসায় সাংবাদিকদের ডেকে আন্দোলনরত ২০ দলের ভবিষ্যত কর্মসূচির বিষয়ে এই বার্তা দেন।
মধ্যবর্তী নির্বাচনের দাবিতে জানুয়ারির ৬ তারিখ থেকে ২০ দলের ডাকে দেশব্যাপী অবরোধ চলে আসছে। এর ফাঁকে ফাঁকে অন্যান্য ইস্যুতে ডাকা হয়েছে হরতালও।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দল এমন দাবি জানালেও ক্ষমতাসীনরা তাদের যুক্তিতে আগের মতোই অটল রয়েছেন।
হাফিজ বলেন, ‘ক্ষমতাসীনরা পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দিলে অবরোধ প্রত্যাহারের বিষয়ে চিন্তা-ভাবনা করবে ২০ দলীয় জোট।’
দেশে এখন যেসব সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটছে তার জন্য ক্ষমতাসীনদের দায়ী করে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সহিংসতার জন্য দায়ী করা হাস্যকর বিষয়। যাকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। যেখানে টেলিফোন, ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ, সেখান থেকে সহিংসতা করাতো দূরের কথা কোনো নির্দেশনাও দেয়া যায় না।

