লাইফস্টাইল ডেস্ক : টক ঝাল মিষ্টি সসের সঙ্গে মিটবল, কে না পছন্দ করে বলুন? কিন্তু ভাতের সঙ্গে মিটবলের ভুনার দারুন রসায়নটা যেন আরও বেশি জনপ্রিয়। যেকোনো মাংস দিয়েই আপনার সুবিধামতো করে নিতে পারেন মিটবলের ভুনা। তাই যারা এই ভুনার অসাধারণ স্বাদটি মিস না করতে চান, তাদের জন্য রইলো মিটবল তৈরির সহজ একটি রেসিপি।
যা যা লাগবে
মাংসের মিহি কিমা ৫০০ গ্রাম, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, গুঁড়া মরিচ ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, এলাচ ৪ টি, দারুচিনি সামান্য, লবণ পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, পিঁয়াজ কুঁচি ২ কাপ, টমেটো সস স্বাদমতো, তেল এক কাপ, সয়া সস ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৩ থেকে ৪ টি, ধনে পাতা, টকদই এবং সামান্য চিনি।
যেভাবে করবেন
প্রথমে মাংসের কিমার সঙ্গে আদা, রসুন, হলুদ, গোলমরিচ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ ইত্যাদি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। মাংসের কিমা ছোট ছোট গোল করে মিট বল তৈরি করে নিন। এবার একটি ফ্রাইপ্যানে তেল গরম করে তার মধ্যে দারুচিনি আর এলাচ দিয়ে সামান্য ভাজতে হবে। তার মধ্যে মাংসের বলগুলো ছেড়ে অল্প আঁচে কিছুক্ষণ ভেজে তুলুন। এবার পিঁয়াজকুচি গরম তেলে বাদামি করে ভেজে সব মসলা এবং টকদই দিয়ে ভালো করে ভুনা করুন। সামান্য পানির সঙ্গে বলগুলো মসলার ভেতর দিয়ে রান্না করুন। নামানোর আগে চিনি দিতে হবে। ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে সাজিয়ে ভাত, রুটি অথবা পোলাও এর সঙ্গে পরিবেশন করুন দারুন স্বাদের মিট বল ভুনা।

