কিশোরগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘হরতাল অবরোধের নামে এখন নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। খালেদা জিয়া গুলশান কার্যালয়ে বসে কাপুরুষের মত পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন।’
বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে ১৪ দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘একজন নেতা মানুষ হত্যা করতে পারেন; পৃথিবীর কোথাও এমন নজির নেই। আপনি (খালেদা জিয়া) নিরীহ মানুষকে হত্যা করে ক্ষমতায় যেতে চাচ্ছেন। সন্ত্রাস করে কেউ ক্ষমতায় যেতে পারে না।’
তিনি বলেন, ‘হরতাল অবরোধের নামে এখন নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। খালেদা জিয়া গুলশান কার্যালয়ে বসে কাপুরুষের মত পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন।’
খালেদা জিয়াকে প্রশ্ন করে মোহাম্মদ নাসিম বলেন, আপনি রাস্তায় এসে দেখুন, মানুষ ভয়কে জয় করেছে। জীবনের প্রয়োজনে কাজ চালিয়ে যাচ্ছে।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির নির্বাচনের দাবি অযৌক্তিক। কিসের নির্বাচন? আগামী ২০১৯ সালের এক দিন আগেও নির্বাচন হবে না। আর সে নির্বাচন হবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই।’
একাত্তরের ঘাতকদের বাচাঁনোর জন্য খালেদা জিয়া কাজ করে যাচ্ছেন মন্তব্য করে ১৪ দলের এই সমন্বয়ক বলেন, ‘জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের জন্যই ক্ষমতায় যেতে চায় বিএনপি।’
এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিন উপস্থিত ছিলেন।
এর আগে, মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ পরিদর্শন করেন।

