কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়ারবাজারের জগমোহনপুরে বাসে পেট্রোল বোমায় ৭ যাত্রী নিহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুইটি মামলা দায়ের করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দু’টি দায়ের করেন। এ নিয়ে চৌদ্দগ্রাম থানায় গত এক সপ্তাহে খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম থানায় এ দুই মামলা দায়ের করা হয়।
এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ, জামায়াতের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ ৫৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অন্যতম আসামি জামায়াতের ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক এমপি ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করার বিষয়টি কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-১) নিশ্চিত করেছেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় এ পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি খন্দকার দেলোয়ার হোসেনসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন- কুমিল্লার সুয়াগাজীর ডুমুরিয়ার আবুল কালামের ছেলে আবু সুফিয়ান (২০), কুমিল্লার চৌদ্দগ্রামের নারঘরের প্রয়াত ফজলুর রহমানের ছেলে আবু ইউসুফ, বাঘাপুস্কুরিণীর আবদুল বারিকের ছেলে আবদুল আলী (২২), কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখালের ইসহাক মিয়ার ছেলে বোরহান উদ্দিন(২৫)।
তাদের বুধবার ভোর ৩টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা পুলিশের ডিআইও ওয়ান জানিয়েছেন, আসামি ধরতে গেলে আহতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পরে পুলিশও পাল্টা গুলি করে।
এর আগে ২৭ জানুয়ারি মঙ্গলবার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির শাহাবুদ্দিন এবং সেক্রেটারি শাহ মিজানুর রহমান। এ মামলায় শিবিরকর্মী ওমর ফারুক মিয়াজী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

