কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কলাবাধা হাফেজিয়া মাদ্রাসায় এক ছাত্র পাঁচশত টাকা হারিয়ে ফেলায় তাকে বেধম পিটিয়ে আহত করেছে ওই মাদ্রাসার এক শিক্ষক। শুক্রবার রাতে ওই ছাত্রের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় ওই মাদ্রাসা শিক্ষক ও তার স্ত্রীর নামে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দিনের বেলা কলাবাধা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ (০৭)-কে মাদ্রাসা শিক্ষক জুনায়েদ মিয়া পাঁচশত টাকা দিয়ে পাশেই বাসায় তার স্ত্রীর কাছে রেখে আসতে বলে। পথিমধ্যে আব্দুল্লাহ ওই টাকা হারিয়ে ফেলে। এ ঘটনা জানার পর মাদ্রাসা শিক্ষক জুনায়েদ মিয়া ও তার স্ত্রী আব্দুল্লাহকে ঘরের ভিতর আটকে বেধম মারধর করে। পরে স্থানীয় লোকজন ওই ছাত্রকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে ওই ছাত্রের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় ওই মাদ্রাসা শিক্ষক ও তার স্ত্রীর নামে একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ওসি (তদন্ত) আজিম হোসেন বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

