রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগাছায় স্ত্রীর মৃত্যুর ১৫ দিন পর বাবু মিয়া (১৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।
বুধবার (৫ মে) সকালে উপজেলার কান্দি ইউনিয়নের দোয়ানী মনিরাম গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাবু মিয়া ওই গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, এক বছর আগে গাইবান্ধার সাদুল্ল্যাপুরের নলডাঙ্গা এলাকায় বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতেন বাবু মিয়া। ১৫ দিন আগে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার স্ত্রী সুমি আক্তার মারা যান। এ ঘটনার পর বাবা-মার কাছে ফিরে আসেন বাবু। কিন্তু কোনোভাবে স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছিলেন না।
মঙ্গলবার (৪ মে) রাত ১১টার দিকে নিজ বাড়িতে সবার অজান্তে বিষপান করেন তিনি। এতে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে স্ত্রীর মৃত্যুশোক সইতে না পেরে বাবু মিয়া আত্মহত্যা করেছেন।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

