কাপ্তাই সংবাদদাতা : আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের একটি লজ্জাবতী বানর রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের কেপিএম এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। কাপ্তাই উপজেলা ছাত্রলীগ এর কয়েকজন সাহসী তরুণ যুবকের সহায়তায় দেশের অতিবিপন্ন প্রাণীর তালিকায় থাকা ‘বেঙ্গল স্লো লরিস’ নামের এই লজ্জাবতী বানরটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
গতকাল সোমবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে কাপ্তাইয়ের কেপিএম এলাকার বাসিন্দা সিয়াম ও রবিন বাসায় যাওয়ার সময় পশ্চিম ড্রাইবার কলোনী নামক এলাকার রাস্তার পাশে থাকা গাছের উপরে একটি অদ্ভুত প্রাণী নড়াচড়া করতে দেখতে পায়, পরে তারা আরো কয়েকজনের সহায়তায় প্রাণীটি উদ্ধার করে বাসায় নিয়ে যায়। পরে মঙ্গলবার ভোর রাতে বিষয়টি কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মামুনকে জানানো হলে তিনি তার সহকর্মী রনি, রাফিসহ আরো কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে যান এবং কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীনকে খবর দেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে বিরল প্রজাতির প্রাণী লরিসকে উদ্ধার করে নিয়ে আসে। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন প্রাণীটিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন তালুকদার এর নিকট হস্তান্তর করেন।
এদিকে বন বিভাগের নিকট হস্তান্তর করার পর পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জজামান শাহ এর নির্দেশে প্রাণীটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড় বিটের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।
এ সময় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন, সহকারী বন সংরক্ষক মুস্তাফিজুর রহমান, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন তালুকদারসহ বন বিভাগের সদস্য এবং উদ্ধার করা ছাত্রলীগ কর্মীরা উপস্থিত ছিলেন।

