নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি যদি নাশকতা ও সন্ত্রাসের পথ পরিহার করে তাহলে সংলাপ হলেও হতে পারে।’
সোমবার দুপুরে হরতাল-অবরোধের প্রতিবাদে আওয়ামী সমর্থক জোটের এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সংলাপ আহ্বানকারীদের উদ্দেশে কামরুল বলেন, ‘দেশের তথাকথিত সুশীল সমাজের লোকেরা সংলাপের কথা বলছেন। আমি তাদেরকে বলবো আগে বিএনপিকে পরামর্শ দেন তারা যেন নাশকতা ও সন্ত্রাসের পথ পরিহার করে। তাহলে তাদের সঙ্গে সংলাপ হতে পারে।’
তিনি বলেন, ‘হরতাল-অবরোধ রাজনৈতিক কোনো কর্মসূচি নয়, এটা সন্ত্রাস। যারা বিএনপির সঙ্গে সংলাপের কথা বলেন, তারা নাশকতা ও সন্ত্রাসকে রাজনৈতিক কর্মসূচি মনে করেন। নাশকতা-সন্ত্রাস না ছাড়লে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না।’
পাকিস্তানি কূটনৈতিকরা বাংলাদেশে বিএনপি-জামায়াতের নাশকতায় ইন্ধন যোগাচ্ছেন বলেও অভিযোগ করেন খাদ্যমন্ত্রী।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

