নিজস্ব প্রতিবেদক : পৃথক মামলায় পৃথক দুটি আদালত বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও শামসুজ্জামান দুদুকে যথাক্রমে ৫ দিন ও ৪ দিনের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছেন।
মোসাদ্দেক আলী ফালুকে পুলিশ রিমান্ডে পাচ্ছে খিলগাঁও থানার একটি মামলায়। অন্যদিকে দুদুকে রিমান্ডে নেয়া হচ্ছে মিরপুর থানার মামলায়।
সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের এ দুই উপদেষ্টার রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন মোসাদ্দেক আলী ফালুকে আদালতে হাজির করে দণ্ডবিধি, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক রিমান্ড আবেদনের শুনানি শেষে তাকে ৫ দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দেন।
গতকাল রোববার রাত ৮টার দিকে গুলশানে খালেদার রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে ফালুকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
অন্যদিকে দুদুকে আদালতে হাজির করে মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

