
নিজস্ব প্রতিবেদক : সুপ্রিমকোর্ট চত্বরে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবী ও আওয়ামীপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমবার সকাল পৌনে ১২টার দিকে সুপ্রিমকোর্ট আইনজীবী ভবনের নিচে হরতাল-অবরোধের পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালনের সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে হরতাল-অবরোধের বিপক্ষে কর্মসূচি পালন করে আওয়ামীপন্থি আইনজীবীরা। কর্মসূচিতে তারা হ্যান্ডমাইক ব্যবহার করেন। অপরিদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে হরতাল-অবরোধের পক্ষে মানববন্ধন করেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা।
বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা আওয়ামীপন্থি আইনজীবীদের হ্যান্ডমাইক ব্যবহার করতে নিষেধ করেন। এক পর্যায়ে হ্যান্ডমাইক ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষে উত্তপ্ত বাক্যবিনিমিয় ও জুনিয়র আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়।
আওয়ামী আইনজীবী পরিষদের কর্মসূচিতে নেতত্ব দিচ্ছেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। এছাড়া ৭০/৮০ আওয়ামীপন্থি আইনজীবী কর্মসূচিতে অংশ নিয়েছেন।
অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট আবেদ রেজা, সুপ্রিমকোর্ট বারের সাবেক সহ-সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার রাজা, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জামায়াতের আশরাফুজ্জামান, এনপিপির মহাসিচব ড. ফরহাদুজ্জামান ফরহাদসহ প্রায় দুই শতাধিক আইনজীবী মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

