নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘অনেকেই দুই নেত্রীকে আলোচনায় বসতে বলেন। কিন্তু তেল আর জল কখনো এক হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন স্নেহময়ী মা। আর বেগম খালেদা জিয়া একজন ডাইনি।’
বুদ্ধিজীবীদের সমালোচনা করে মায়া বলেন, ‘একজন স্বাধীনতার পক্ষে আরেকজন স্বাধীনতার বিপক্ষে। তাই কিছু বুদ্ধিজীবী আলোচনার কথা বলে দেশের ক্ষতি করতে চায়।’ ঢালাওভাবে কথা না বলে বুদ্ধিজীবীদের যে কোনো একটি পক্ষ অবলম্বন করার পরামর্শ দেন তিনি।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত হরতাল-অবরোধ বিরোধী এক সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আশা করি আপনার শুভবুদ্ধির উদয় হবে। শিক্ষার্থীদের কথা ভেবে আপনি হরতাল-অবারোধ প্রত্যাহার করুন।’
বিএনপির ডাকা হরতাল-অবরোধে হতাহতের দায় খালেদা জিয়াকেই নিতে হবে বলেও মন্তব্য করেন ত্রাণমন্ত্রী।
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফাতেমা জলিল সাফির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

