ঢাকাSunday , 27 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতিবিদরা এখন আর রাজনীতির মাঠে নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান (জাপা) ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, রাজনীতির মাঠে এখন আর রাজনীতিবিদরা নেই। রাজনীতির মাঠে খেলছে আমলারা, রাজনীতিবিদরা লাইনে বসে খেলা দেখছেন।
রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে জাতীয় পার্টি খুলনা বিভাগ আয়োজিত পোস্টার ও ক্যালেন্ডার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী দেশের মালিক হচ্ছেন জনগণ। তাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশ পরিচালনা করার কথা। কিন্তু কাজে-কর্মে এমপি সাহেবদের খরবই নেই। সচিব সাহেবরা সব কাজ করেন, মন্ত্রী মহোদয়রা শুধু জানতে চান। জনপ্রতিনিধিরাই জনগণের দুঃখ-কষ্ট সবচেয়ে ভালো বোঝেন। তারাই জনগণের বেশি উপকার করতে পারেন। আমলারা হচ্ছে রোবটের মতো, তারা একটি গণ্ডির ভেতরে কাজ করতে অভ্যস্ত। আমলারা রাজনীতিবিদদের মতো সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বোঝে না।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, নির্বাচিত প্রতিনিধিদের মূল্য দিন। জনপ্রতিনিধিরা সুযোগ পেলে দেশের মানুষের অনেক বেশি উপকার হবে। জনপ্রতিনিধিদের উপেক্ষা করে আমলাদের দিয়ে দেশ পরিচালনা কখনোই মঙ্গলজনক হবে না।
প্রধান অতিথির বক্তব্যে জাপা চেয়ারম্যান আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপি ১৯৯১ সালের পর থেকে জাতীয় পার্টিকে ধ্বংস করতে অনেক ষড়যন্ত্র করেছে। জাতীয় পার্টিকে অনেক দুর্বল করেছে। কিন্তু পল্লীবন্ধুর প্রতি মানুষের ভালোবাসা আর জাতীয় পার্টির প্রতি গভীর আস্থার কারণে জাতীয় পার্টি আবারও ঘুরে দাঁড়িয়েছে। দেশের মানুষ দুটি রাজনৈতিক দলের দুঃশাসন থেকে মুক্তি পেতে চায়। জনসাধারণ চায়, জাতীয় পার্টি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক।
জাতীয় পার্টির খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতায় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, এখনো চলন্ত বাসে নারী ধর্ষণের ঘটনা ঘটছে। নারী ও শিশু নির্যাতন অনেক দিন ধরেই চলছে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।
করোনার প্রসঙ্গ টেনে মহাসচিব বলেন, করোনার প্রকোপ বাড়ছে কিন্তু সাধারণ মানুষের জন্য কোনো চিকিৎসা নেই। সংবিধানে স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। প্রচণ্ড শীতে একটি কম্বলের জন্য মানুষের মাঝে হাহাকার উঠছে। যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের পরিচয় প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি মহাসচিব।
অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায় প্রমুখ উপস্থিত ছিলেন।