দেশে কারও কোনো নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক অধিকার আন্দোলন-এর উদ্যোগে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির শাসনামলে ভুল থাকার বিষয়টি স্বীকার করে আলাল বলেন, বিএনপির শাসনামলে বিএনপি সরকার কোনো ভুল করেনি, এই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। ভুলবিহীন সরকার পৃথিবীতে কখনও কোথাওই ছিল না। কিন্তু আমার কথা হচ্ছে সেই ভুলগুলো কি ইচ্ছাকৃত? না ভুলবশত? বা মাত্রা কতটুকু?
তিনি বলেন, ‘আজ পুলিশ পাবলিককে পিটিয়ে মেরে ফেলেছে। পাবলিক হসপিটালে পুলিশকে পিটিয়ে মেরে ফেলেছে। কী একটা অবস্থা চলছে দেশে। কার কোথায় নিরাপত্তা? দেশে কারও কোনো নিরাপত্তা নাই।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা সাইয়েদ আহমেদ আসলামের সভাপতিত্বে ওমহাসচিব এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, মহানগর দক্ষিণ বিএনপির সহ সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।

