বিনোদন প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক শওকত আলী ইমন। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে আছেন।এ তথ্য নিশ্চিত করেছেন শওকত আলী ইমন নিজেই।
তিনি আজ রোববার, ১১ অক্টোবর সকালে বলেন, ‘কয়েকদিন ধরেই জ্বর, শারীরিক দুর্বলতায় ভুগছিলাম। মনে হচ্ছিলো করোনা হতে পারে। সেজন্য গতকালই টেস্ট করিয়েছিলাম সকালে। রাতে রিপোর্ট পেলাম করোনা পজিটিভি।’
ইমন আরও বলেন, ‘এখন পর্যন্ত খারাপ কিছু নয়। বাসাতেই আছি। লেবু পানি, গরম পানি খাচ্ছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। দোয়া চাই সবার কাছে যেন সুস্থ হয়ে উঠি।’
প্রসঙ্গত, শওকত আলী ইমনের জন্ম ১৯৭১ সালে ঢাকায়। বেড়ে ওঠা সংগীত পরিবারেই। মা মুসলিমা বেগম ছিলেন সংগীতশিল্পী। দুই বোন আবিদা সুলতানা ও রেবেকা সুলতানাও সংগীতশিল্পী হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন।
ইমন সংগীত পরিচালক হিসেবে নাম লেখান ১৯৯৬ সালে। অডিও ইন্ডাস্ট্রি এবং চলচ্চিত্রে তিনি উপহার দিয়েছেন অনেক গান। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন ভারতের চলচ্চিত্রেও।
২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন শওকত আলী ইমন।

