আন্তর্জাতিক ডেস্ক : আবারও ভারতের রাজধানী দিল্লিতে হামলার পরিকল্পনা হয়েছে। এই ঘটনায় দিল্লি থেকে ৪ কাশ্মীরি যুবককে গ্রেফতার করেছে সেখানকার পুলিশের স্পেশাল সেল। পুলিশের অভিযোগ, ওই চার যুবক রাজধানী দিল্লিতে জঙ্গি হামলার পরিকল্পনা করছিল। খবর এনডিটিভির।
এক বিবৃতিতে জানানো হয়েছে, সেন্ট্রাল দিল্লির আইটিও এলাকা থেকে ওই ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি অত্যাধুনিক পিস্তল এবং ১২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার হওয়াদের মধ্যে একজন হলে আলতাফ আহমদ দার (২৫)। তিনি পুলওয়ামার বাসিন্দা। বাকি তিনজন হলেন মোশতাক আহমদ গণি (২৭), ইশফাক মাজিদ কোকা (২২) এবং আকিব সাফি (২২)। এরা সবাই শোপিয়ানের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ইশফাক মাজিদ কোকা জঙ্গি বুরহান কোকার বড় ভাই। এই বুরহান কোকা ছিল জম্মু ও কাশ্মীরে আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর শাখা আনসার গজওয়াত উল হিন্দের প্রাক্তন প্রধান। চলতি বছরের এপ্রিলে ভারতীয় সেনাবাহিনীর হাতে নিহত হয় বুরহান।
গত শুক্রবার পুলিশ খবর পায় যে, একদল কট্টরপন্থী কাশ্মীরি যুবক অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করেছে। তারা আইটিও এবং দরয়াগঞ্জে আসবে বলে নিশ্চিত হওয়ার পরেই তৎপর হয়ে ওঠে পুলিশ।
পুলিশ কমিশনার (স্পেশ্যাল সেল) প্রমোদ সিং কুশবাহ জানিয়েছেন, নির্দিষ্ট খবর পেয়েই তাদেরকে ধরতে ফাঁদ পাতে পুলিশ। আর তাতেই কাজ হয়েছে। গ্রেফতার করা হয়েছে চার কাশ্মীরি যুবককে।
ডিসিপি জানিয়েছে, ওই চারজন তাদের হেড কম্যান্ডারদের নির্দেশে ২৭ সেপ্টেম্বর দিল্লি এসে পাহাড়গং এলাকায় ঘাঁটি গেড়েছিল। সেখানে বসেই তারা নানা অস্ত্র ও গোলাবারুদ মজুত করছিল বলে জানিয়েছে পুলিশ।
ওই যুবকদের বিরুদ্ধে অভিযোগ, রাজধানী দিল্লির বুকে বড়সড় নাশকতার ছক কষছিল তারা। এবারই প্রথম নয়। এর আগেও বহুবার রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করা হয়েছে।

