আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে অবস্থিত মার্কিন বিভিন্ন স্থাপনায় জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিম এশিয়ায় মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি। মার্কিন বাহিনীর ওপর হামলার ঘটনায় তিনি ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করছেন। এসব হামলার কারণে এই অঞ্চল থেকে মার্কিন সেনাদের বড় অংশ সরিয়ে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের কমান্ডার।
ইরাকে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় জঙ্গি হামলা বাড়ার কথা স্বীকার করেছেন ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি। শুক্রবার তার এক সাক্ষাৎকার প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ। সেখানে এই সেনা কর্মকর্তা বলেছেন, ‘গত বছরের প্রথম ছয় মাসের চেয়ে এই বছরের প্রথম ছয় মাসে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিসহ বিভিন্ন মার্কিন স্থাপনায় হামলা বেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।’ তিনি স্পষ্ট করে বলেছেন, ‘হামলার ঘটনা অনেক বেড়েছে।’
হামলা সম্পর্কে ম্যাকেঞ্জি আরও বলেন, ‘হামলাগুলো প্রাণঘাতী নয়, এটা ভালো একটা দিক। কিন্তু হামলা অব্যাহত রয়েছে।’ কেন এই হামলাগুলো প্রাণঘাতী নয় প্রশ্নে তার জবাব, ‘তারা আমাদের আঘাত করছে না।’
গত ৩ জানুয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী বিতাড়িত করার অঙ্গীকার ব্যক্ত করে ইরান। এ মুহূর্তে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে এবং এরইমধ্যে বেশ কিছু ঘাঁটি ইরাকি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মার্কিন অবস্থানে হামলা জোরদার হওয়ার কারণে সেনা প্রত্যাহার করা হচ্ছে- সে কথা অস্বীকার করেছেন এই কর্মকর্তা।

