আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মিরে ২৪ ঘণ্টার মধ্যে দুটি সন্ত্রাসবিরোধী অভিযানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ জঙ্গি নিহত হয়েছেন। এছাড়া দায়িত্বরত অবস্থায় এক সেনার মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ আগস্ট) বিজেপির পঞ্চায়েত নেতা নিসার আহমেদ ভাটের মরদেহ উদ্ধারের পর সোপিয়ানের কিলুরা গ্রামে সন্ত্রাসবিরোধী অভিযানে চার জঙ্গিকে হত্যা করা হয়। ওই বন্দুকযুদ্ধে এক জঙ্গির আত্মসমর্পণের বিরল ঘটনাও ঘটেছে। জানা গেছে, নিসারকে অপহরণে জড়িত ছিল তারা সবাই। এই অভিযান হয় পুলিশ, সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী সিআরএফের অংশগ্রহণে।
এদিকে শনিবার (২৯ আগস্ট) সকালে দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলায় লস্কর-ই-তৈয়বার তিন জঙ্গি নিহত হন সন্ত্রাসবিরোধী আরেক অভিযানে। শুক্রবার রাতে জাদুরা এলাকায় এই অভিযান চালায় যৌথ বাহিনী। দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে তিন জঙ্গির মৃত্যু হয়।

