বিনোদন ডেস্ক : বিয়ের করলেন ছোট পর্দার অভিনেতা সাব্বির আহমেদ। কনে নাসরুমা নাসির। গত ২৪ আগস্ট সন্ধ্যায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সাব্বির আহমেদ।
সাব্বির আহমেদ বলেন—নাসরুমা আমার পূর্বপরিচিত, আমরা ভালো বন্ধুও। বন্ধুত্ব থেকে দুজন একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। দুই পারিবারের সম্মতিতে আমরা নতুন জীবন শুরু করেছি। সবার কাছে দোয়া কামনা করছি।
নাসরুমা নাসির মাগুরা সরকারি কলেজে স্নাতকের শিক্ষার্থী। তিন মাস আগে তার সঙ্গে সাব্বিরের পরিচয়। তারপর মনের লেনা-দেনা। বিষয়টি দুই পরিবারকে জানানোর পর আনুষ্ঠানিকভাবে বিয়ের দিন ধার্য করা হয়। করোনা সংকট কেটে গেলে ঢাকায় বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করবেন বলে জানিয়েছেন সাব্বির।
২০০৫ সালে ঢাকায় আসেন মাগুরার ছেলে সাব্বির। এরপর যোগ দেন প্রাঙ্গণেমোর নাট্যদলে। এ দলের বেশ কটি নাটকে পারফর্ম করেন তিনি। পরবর্তীতে নাম লেখান নাটক ও বিজ্ঞাপনচিত্রে। বর্তমানে ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।

