ঢাকাMonday , 24 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইসিসির হল অব ফেমে ক্যালিস, আব্বাস ও লিসা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আইসিসির হল অব ফেমে জায়গা পাওয়া সবশেষ তিন ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস, পাকিস্তানি ব্যাটসম্যান এশিয়ান ব্র্যাডম্যানখ্যাত জহির আব্বাস ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অলরাউন্ডার লিসা থালেকার।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির হল অব ফেমে জায়গা পাওয়ার জন্য অবসরের পর অন্তত পাঁচ বছর যেতে হে। যে কারণে ২০১৪ সালে অবসর নেয়া ক্যালিস সম্মানজনক এই তালিকায় স্থান পেলেন ২০২০ সালে এসে। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারের হল অব ফেমে না থাকাটাই এত দিন ছিল অবাক করা বিষয়।
টেস্ট ফরম্যাটে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ব্যাট হাতে ৫৫.৩৭ গড়ে ১৩,২৮৯ রানের পাশাপাশি বল হাতে ৩২.৬৫ গড়ে ২৯২ উইকেট শিকার করেছেন এ ফাস্ট মিডিয়াম সুইং বোলার। এছাড়া ওয়ানডে ক্রিকেটেও সাড়ে ১১ হাজার রানের সঙ্গে রয়েছে ২৭৩টি উইকেট।
গ্রায়েম পোলক, ব্যারি রিচার্ডস ও অ্যালান ডোনাল্ডের পর চতুর্থ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে হল অব ফেমে জায়গা পেয়েছেন ৪৪ বছর বয়সী জ্যাক ক্যালিস।
অন্যদিকে পাকিস্তানের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে হল অব ফেমে নাম লেখালেন জহির আব্বাস। তার আগে হানিফ মোহাম্মদ, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিসও জায়গা পেয়েছেন এ তালিকায়। এশিয়ার একমাত্র ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০টি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে এশিয়ার ব্র্যাডম্যানখ্যাত আব্বাসের।
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অলরাউন্ডার লিসা থালেকার তার ক্যারিয়ার শেষ করেছেন ২০১৩ সালে। ওয়ানডে ফরম্যাটে দুই সেঞ্চুরিতে ২৭২৮ রানের সঙ্গে ১৪৬ উইকেট রয়েছে তার ঝুলিতে। এছাড়া টেস্টেও একটি সেঞ্চুরি রয়েছে লিসার। ২০০৫ ও ২০১৩ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১০ ও ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি।
বেলিন্ডা ক্লার্ক, বেটি উইলসন, কারেন রল্টন ও ক্যাথরিন ফিৎজপ্যাট্রিকের পর অস্ট্রেলিয়ার পঞ্চম নারী ক্রিকেটার হিসেবে হল অব ফেমে জায়গা পেয়েছেন লিসা। সবমিলিয়ে হল অব ফেমে জায়গা পাওয়া ২৭তম অস্ট্রেলিয়ান ক্রিকেটার ৪১ বছর বয়সী এ অলরাউন্ডার।