বিনোদন প্রতিবেদক : নন্দিত অভিনেতা জাহিদ হাসান। বয়সকে হার মানিয়ে এখনো তিনি জনপ্রিয়তা নিয়েই টিভি নাটকে কাজ করে চলেছেন। প্রায় সারা বছরই তাকে দেখা যায় দর্শকপ্রিয় সব নাটকে। ক্যারিয়ারে বহুবার তার বিপরীতে জুটি বেঁধেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। তাদের নাটক-টেলিছবি বরাবরই লুফে নিয়েছেন দর্শক।
আসছে কোরবানি ঈদেও বেশ কিছু কাজ করেছেন তারা জুটি হয়ে। তারমধ্যে এসকে আজাদের ইউটিউব চ্যানেলে প্রচার হবে তাদের একটি ধারাবাহিক নাটক ‘বিগ বস’।
বরজাহান হোসেনের রচনায় ‘বিগ বস’ নাটকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। এখানে জাহিদ-নাদিয়া ছাড়া আরও অভিনয় করেছেন সাজু খাদেম, আরফান আহমেদ, ফারজানা রিক্তা প্রমুখ।
এছাড়াও একই চ্যানেলের জন্য এই জুটি কাজ করেছেন সিফ্রাত মোশাররফের রচনায় ‘প্লিজ মাফ করবেন’ নামের নাটকে। এখানে আরও অভিনয় করেছেন আরফান আহমেদ, আইরিন তানি প্রমুখ। উপরের দুটি নাটকই প্রচার হবে ঈদের দিন প্রচার হবে। এটিও নির্মাণ করেছেন ফরিদুল হাসান।
পাশাপাশি আসছে ঈদে ফরিদুল হাসানের আরও তিনটি নাটক প্রচার হবে। সেগুলো হলো তিনটি ধারাবাহিক সুন্দরী বাঈদানী, আমি বাবা হতে চাই এবং তিল থেকে তাল। টিপু আলম মিলনের গল্পে জাকির হোসেন উজ্জলের চিত্রনাট্যে ‘সুন্দরী বাঈদানী’ নাটকে অভিনয় করেছেন আ খ ম হাসান, নাজিরা মৌ, জামিল হোসাইন, মিলন ভট্র, অলিউল হক রুমি, মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকেই। নাটকটি বৈশাখী টেলিভিশনে ঈদের ৭দিন প্রচার হবে রাত ১১টা ৫মিনিটে।
আহসান আলমগীরের রচনায় ‘আমি বাবা হতে চাই’ নাটকে অভিনয় করেছেন আ খ ম হাসান, নাদিয়া আফরিন মীম, রাশেদ জামান অপু, ফারজানা রিক্তা, মাহা, সফিক খান দিলু, সাইকা আহমেদ প্রমুখ। ধারাবাহিকটি ঈদের ৭দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট থেকে প্রচার হবে নাগরিক টেলিভিশনে।
রুহুল আমিন পথিক রচিত ‘তিল থেকে তাল’ নাটকে অভিনয় করেছেন আ খ ম হাসান, হোমায়রা হিমু, জামিল হোসাইন, প্রকৃতি, বিনয় ভদ্র, সফিক খান দিলু। নাটকটি প্রচার হবে আনোয়ার আজাদ ফিল্ম ইউটিউব চ্যানেলে।

