বিনোদন প্রতিবেদক : শোবিজের নানা অঙ্গনে নিজেকে ব্যস্ত রেখেছেন। অভিনয় করছেন নিয়মিত। সেই সঙ্গে উপস্থাপনাও। বাদ যায়নি বিজ্ঞাপনচিত্রের মডেলিংও। এবার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছেন এ সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতী তানাজ রিয়া।
নাম লেখিয়েছেন প্রযোজনায়। নিজের ইউটিউব চ্যানেল ‘Super Tanaz 77’- এ কোরবানি ঈদ উপলক্ষে মুক্তি দিতে যাচ্ছেন একটি ওয়েব ফিল্ম। এর নাম ‘রোড নং ২৩’। ওয়েব ফিল্মটি প্রচারিত হবে ঈদের রাত ১২টা ১ মিনিটে।
তানাজ জানান, ঢাকার একটি পরিবারের ভৌতিক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। তবে এর বেশি কিছু এখন বলতে চান না তিনি। চমক হিসেবে রাখতে চান দর্শকের জন্য।
ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন মাজেদীস শাহিদ ফাহাদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানাজ রিয়া নিজেই। তার সঙ্গে আছেন আরিশা এবং সুপার-ক্যাট ILYEE।
অভিনেত্রী তানাজ রিয়া বলেন, ‘এবারের ঈদে করোনার কারণে কাজ কম করায় আমার ইউটিউব চ্যানেলের বিশেষ আয়োজন এটি। আমার ইউটিউব চ্যানেলটি এরই মধ্যে সিলভার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে। এই ওয়েব ফিল্মটি ঈদে দর্শকদের বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করছি।’
তানাজ রিয়া এরইমধ্যে জায়গির মাস্টার, মান অভিমান, চাঁন বিরিয়ানী, অলসপুর, প্রেমনগর, মামলাবাজ, সমাজবিজ্ঞান, জয়িতা নামের নাটকগুলোতে কাজ করে প্রশংসিত হয়েছেন। তার অভিনীত অনাকাঙ্খিত সত্য, ডিবি, পাগলা হাওয়ার দিন, জামাই পাগল, মন পাখি নাটকগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

