স্পোর্টস ডেস্ক : ‘ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে আসছেন মেসি’-বর্তমানে বহুল চর্চিত গুজব হয়ে ভাসছে খবরটি। তবে ইন্টার মিলানের ম্যানেজার অ্যান্তোনিও কন্তে মেসির ইন্টারে আসার গুজবটিকে ‘ফ্যান্টাসি ফুটবল’ নামে আখ্যা দিচ্ছেন। আর সেখানেও মেসিকে ইন্টারে দেখতে পারছেন না কন্তে।
বার্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তি আর বাড়াতে চাইছেন না মেসি। সম্প্রতি এমন খবর বেরিয়েছে। তবে বার্সা প্রেসিডেন্ট জোসেফ বার্তোমেউ জানিয়েছেন, মেসি বার্সাতেই ক্যারিয়ার শেষ করবেন। তবুও মেসির ইন্টারে যাওয়ার গুঞ্জন বেশ ভালোভাবে উঠছে। বিশেষ করে এই আর্জেন্টাইন তারকার বাবা হোর্হে মেসি মিলানে একটি বাড়ি কিনেছেন, এমন খবর প্রকাশের পরই আশা দেখতে শুরু করেছেন মিলান সমর্থকরা।
তবে নেরাজ্জুরিদের কোচ কন্তে মনে করেন, মেসিকে ইন্টারে আনা সম্ভব নয়। তিনি বলেন, ‘আমরা সম্ভবত ফ্যান্টাসি ফুটবল নিয়ে কথা বলছি। তবে আমার মনে হয় না, ইন্টারে এখন সেটি কোনওভাবে সম্ভব।’
নিজ দলে মেসিকে চাইছেন ইন্টারের কোচ কন্তে তেমন ইঙ্গিত কথার মধ্যে দিয়েছেন তিনি। তবে ইন্টার সেই সম্ভাবনার চেয়ে অনেক দূরে জানিয়ে তিনি আরও বলেন, ‘পৃথিবীতে এমন কোনও পাগল নেই যে মেসিকে নিজের দলে পেতে চাইবে না। তবে সেই ধরনের কিছু থেকে ইন্টার এখন অনেক, অনেক, অনেক, দূরে। আমরা যা করছি, যা তৈরি করার চেষ্টা করছি সেটার সাথেও তা সামঞ্জস্যপূর্ণ নয়।’

