নিজস্ব প্রতিবেদক : গত ১ সেপ্টেম্বর রাজধানীর ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কনফারেন্স রুমে দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প (এসসিডিপি) এবং এগ্রিকালচারাল এক্সটেনশন ইন সাউথ এশিয়া (এসা)’র যৌথ উদ্যোগে এগ্রিকালচারাল এক্সটেনশন ইন বাংলাদেশ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মান্নান এমপি। কর্মশালায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালযের সিনিয়র শিক্ষকবৃন্দ; মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; বিএডিসি, বিএআরসি ও ব্রাকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি আব্দুল মান্নান এমপি তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বিবেচনায় নিয়ে ভাত, মাছ ও মাংস উৎপাদন নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক পরিচালক ড. গুল হোসেন। এগ্রিকালচারাল এক্সটেনশন ইন সাউথ এশিয়া ((Agricultural Extension in South Asia-AESA))’র প্রেসিডেন্ট ড. সুলাইমান রশিদ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বিশেষ বক্তব্য প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশে নেটওয়ার্কভিত্তিক একটি কৃষি সম্প্রসারণ সংগঠন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উদ্দেশ্যে একটি ওয়ার্কিং কমিটিও গঠন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা. আলমগীর শফিউল আলম ও মৎস্য অধিদপ্তরের পরিচালক এম আই গোলজার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আব্বাস আলী।

