স্পাের্টস ডেস্ক : আন্তর্জাতিক সূচি অনুযায়ী চলতি মাসে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে স্থগিত করা হয়েছিল সফরটি। এদিকে করোনা সঙ্কট কাটিয়ে ইংল্যান্ডে আবার খেলা শুরু হওয়ায় আগামী সেপ্টেম্বরে সিরিজটি আয়োজনের পরিকল্পনা নিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। সে লক্ষ্যে ইংল্যান্ড সফরের জন্য ২৬ জনের প্রাথমিক দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সর্বশেষ চুক্তিতে জায়গা হারানো উসমান খাজা এবং মার্কাস স্টয়নিস এই সফরের জন্য আবার ডাক পেয়েছেন। এছাড়াও সর্বশেষ বিগ ব্যাশ লিগে দারুণ খেলা তিন ক্রিকেটারকে প্রথমবারের মতো ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা হলেন বাঁহাতি পেসার ড্যানিয়েল স্যামস, রিলে মেরেডিথ এবং জস ফিলিপ। এদিকে অজিদের বিশ্বকাপ দলে থাকা নাথান কুল্টার নাইল এবং শন মার্শ ছিটকে গেছেন ২৬ জনের প্রাথমিক দল থেকে।
বিশ্বকাপে নিজের সেরা ছন্দে ছিলেন না খাজা, স্টয়নিসের কেউই। পরবর্তী সময়েও জাতীয় দলের জার্সিতে দারুণ কিছু করতে পারেননি দুইজনের কেউ। সর্বশেষ বিগ ব্যাশে অবশ্য স্টয়নিস রানের ফল্গুধারা ছুটিয়ে রেকর্ড গড়েছেন। তবে জাতীয় দলের জার্সিতে ছিলেন বিবর্ণ। আর তাই দল থেকে বাদ পড়েন তারা। এমনকি ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিও হারান এই দুই ক্রিকেটার। অবশেষে নিজেদের প্রমাণের জন্য আবার দলে ডাক পেলেন দুই ক্রিকেটার।
এদিকে প্রথমবারের মতো দলে ডাক পাওয়া তিন ক্রিকেটারই সর্বশেষ বিগ ব্যাশে আগুনে ফর্মে ছিলেন। আসরের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন বাঁহাতি পেসার স্যামস। সিডনি থান্ডারের হয়ে নিয়েছেন ৩০ উইকেট। আরেক পেসার মেরেডিথ অবশ্য আসরের মাঝপথে ইনজুরিতে ছিটকে পড়েছিলেন। তবে তার আগে হোবার্ট হারিকেনসের হয়ে ৬ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। আর সিডনি সিক্সার্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস ফিলিপ করেছিলেন ৪৮৭ রান।
ইংল্যান্ড সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে ইসিবির সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে স্কোয়াড চূড়ান্ত করে নিজেদের কাজ কিছুটা এগিয়ে রাখলো তারা। এমনটা জানিয়ে অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক বলেন, ‘আমরা ইসিবি এবং সরকারি অ্যাজেন্সির সঙ্গে সফরের বিষয়ে আলোচনা করছি। এর মাঝে নিজেদের স্কোয়াড গুছিয়ে রাখছি। যাতে ক্রিকেটাররা সফরের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে পারে।’
অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড: প্যাট কামিন্স, শন অ্যাবট, অ্যাসটন আগার, অ্যালেক্স ক্যারি, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জস হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রিলে মেরেডিথ, মাইকেল নেসের, জস ফিলিপ, ড্যানিয়েল স্যামস, ডি’আর্চি শর্ট, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

