স্পোর্টস ডেস্ক : সাউদাম্পটনে প্রথম টেস্ট হেরে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজে ফেরার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচের স্কোয়াড থেকে তাই তিন পরিবর্তন এনেছে স্বাগতিক ইংল্যান্ড। অনুমিতভাবেই ফিরেছেন দলের অধিনায়ক জো রুট। দলে জায়গা হারিয়েছেন ৩৪ বছর বয়সী জো ডেনলি। এদিকে প্রথম টেস্টে বল হাতে দারুণ কিছু উপহার দিতে না পারায় ১৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন এবং মার্ক উড। ফলে ওল্ড ট্র্যাফোর্ডে স্টুয়ার্ট ব্রডের মাঠে নামা এক প্রকারের নিশ্চিত।
পিতৃত্বকালীন ছুটির কারণে প্রথম টেস্টের দলে ছিলেন না ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক রুট। তবে সেই টেস্টের প্রথম দিন দ্বিতীয় সন্তান জন্ম নেওয়াতে ওল্ড ট্র্যাফোর্ডে রুটের ফেরাটা নিশ্চিত ছিল। এদিকে ব্যাট হাতে ভালো ফর্মে নেই টপ অর্ডার ব্যাটসম্যান ডেনলি। এই ক্রিকেটার সর্বশেষ ১৫ টেস্টে মাত্র ২৯ গড়ে রান করতে পেরেছিলেন। শেষ ম্যাচেও ১৮ এবং ২৯ রানের বেশি করতে পারেননি। আর তাই ডেনলির বাদ পড়াও ছিল নিশ্চিত। ব্যাটসম্যানদের মধ্যে পরিবর্তন কেবল এই দুটি।
এদিকে করোনা সঙ্কটের পর বোলারদের উপর চাপ কমিয়ে নিতে রোটেশন পদ্ধতিতে খেলানোর পরিকল্পনা করে ইংলিশ ক্রিকেট বোর্ড। এছাড়াও প্রথম টেস্টে ইংলিশ পেসার অ্যান্ডারসন এবং উড থেকে দারুণ কিছু প্রত্যাশা করেও পায়নি দল। আর তাই দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েন তারা। তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন অল রাউন্ডার স্যাম কারান এবং প্রথমবারের মতো ডাক পাওয়া ২৬ বছর বয়সী ওলি রবিনসন। প্রথমবারের মতো ডাক পাওয়া রবিনসন ৫৬ প্রথম শ্রেণির ম্যাচ থেকে ২২ গড়ে ২৩৬ উইকেট নিয়েছিলেন।
ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশ সময় আজ (১৬ জুলাই) বিকাল ৪টায় মাঠে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দল: জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, ওলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস, ওলি রবিনসন ও স্যাম কারান।

