ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) বিশ্বজুড়ে চরম সমাদৃত এক খেলা। কিশোর-তরুণ থেকে শুরু করে বয়স ভুলে বৃদ্ধরাও দারুণ উপভোগ করে থাকে এই আয়োজন। আর এই খেলার কিংবদন্তিতুল্য এক চরিত্র হচ্ছে মার্ক উইলিয়াম ক্যালাওয়ে বা ‘দ্য আন্ডারটেকার’।
দীর্ঘ ত্রিশ বছর ডব্লিউডব্লিউই দিয়ে মানুষকে বিনোদিত করে অবশেষে পেশাদার রেসলিং থেকে অবসরে যাচ্ছেন সাত ফুট দীর্ঘদেহী এই খেলোয়াড়। পেশাদার ক্যারিয়ার শেষ করেন নিজের একটা ডকুসিরিজ দিয়ে। ‘দ্য লাস্ট রাইড’ নামের সেই সিরিজে ঘোষণা দেন ‘আমার আর রিংয়ে ফেরার ইচ্ছা নেই। আমি আমার মতো করেই সব করে এসেছি, এখন আমার মতো করেই বিদায় নিচ্ছি’। এর আগে রেসলমেনিয়া ৩৬ বোন-ইয়ার্ড ম্যাচে দেখা গেছে তাকে। রেসলমেনিয়াতে রেকর্ড টানা একুশ জয় ছিল আন্ডারটেকারের।
নিজের বিদায়বেলায় টুইটারে এক বিবৃতিতে আন্ডারটেকার এই দীর্ঘ পথের যাত্রা নিয়ে বলেন, ‘আপনি কখনো বুঝতে পারবেন না কতটা পথ পাড়ি দিয়ে এসেছেন, যতক্ষণ পর্যন্ত না আপনি শেষের দিকে ধাবিত হতে থাকবেন।’ তাঁর এই বিদায়বেলায় তাকে ধন্যবাদ জানিয়েছে ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষও। তারা এক টুইটে লিখেছেন, ‘নিজের পুরোটা উজাড় করে দেওয়ার জন্য ধন্যবাদ আন্ডারটেকার।’
বর্তমান এই প্রজন্মের কাছে রেসলিং এই শব্দটা আলাদা আবেগ নিয়ে জড়িয়ে আছে। সম্পূর্ণ বানানো গল্প জেনেও চারকোনা রিংয়ের প্রতি অসম্ভব মায়া আছে অনেকের। আর সেখানে যদি থাকেন ‘ডেড ম্যান’ খ্যাত দ্য আন্ডারটেকার থাকেন, তাহলে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয় যেন সকলের মাঝে। ঠিক যেমন কাজ করে ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়ে তাঁর এন্ট্রি মিউজিক বাজলে।
১৯৬৫ সালে আমেরিকার টেক্সাসে জন্ম নেওয়া এই আন্ডারটেকার রাঙিয়েছেন অনেকের মন। স্কুলের কিশোরদের কাছে সুপারহিরোর চরিত্রের মতো জায়গা করে নিয়েছেন। আর তাই তাঁর বিদায়বেলায় সাজানো নাটকের মঞ্চটাও নিশ্চয়ই সেই কৈশোরদের মতো চুপিসারে দুঃখ করে যাবে, আর বলবে, ‘উই উইল মিস ইউ মার্ক ক্যালাওয়ে, দ্য আন্ডারটেকার।’

