নিজস্ব প্রতিবেদক : দেশের ৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২০-২১ অর্থবছরে ৮ হাজার ৪৮৫ কোটি ১২ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার (২৪ জুন) দুপুরে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে সংস্থার ১৫৮তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়।
দেশে করোনা পরিস্থিতির কারণে প্রথমবারের মতো পূর্ণ কমিশন সভা অনলাইনে অনুষ্ঠিত হয়।
অনুমোদিত বাজেটের মধ্যে ৫ হাজার ৪৫৪ কোটি ১২ লাখ টাকার রাজস্ব বাজেট এবং ৫৩ প্রকল্পের অনুকূলে ৩ হাজার ৩১ কোটি টাকার উন্নয়ন বাজেট রয়েছে। এ বছর রাজস্ব বাজেটে বরাদ্দ ৫ শতাংশ বাড়ানো হয়েছে।
সভায় বাজেট উপস্থাপন করেন ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সভার কার্যপত্র উপস্থাপন করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিবছর ইউজিসি’র মাধ্যমে বাজেট দেওয়া হয়। গত অর্থবছরে এসব বিশ্ববিদ্যালয়ের অনুকূলে বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল ৮ হাজার ৮৮ কোটি ৪৯ লাখ টাকা। সে তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এ বছর বরাদ্দ বেড়েছে প্রায় ৩৯৭ কোটি টাকা। নতুন অর্থবছরে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর পরিমাণ ৮৩০ কোটি ০৬ লাখ টাকা।
উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় জন্য ২০২০-২০২১ অর্থবছরে মূল বাজেটে ৬৬ কোটি ৬৫ লাখ বরাদ্দ ধরা হয়েছে। গতবছরের তুলনায় বাজেটে এ খাতে বরাদ্দ শূন্য ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ২০১৯-২০ অর্থবছরে গবেষণায় মূল বাজেটে ৬৪ কোটি ৫৮ লাখ বরাদ্দ ধরা হয়েছিল। এছাড়া, পূর্ণ কমিশন ২০২০-২০২১ অর্থবছরে ইউজিসি’র জন্য ৬২ কোটি ৯৫ লক্ষ টাকার বাজেট অনুমোদন করেছে। গত ২০১৯-২০২০ অর্থবছরে এ অর্থের পরিমাণ ছিল ৫৩ কোটি ৩৩ লাখ টাকা।
অনুষ্ঠানে পূর্ণ কমিশনের ১৫৭তম সভার কার্যাবিবরণী অনুমোদন, গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, কোভিড-১৯ মহামারীর কারণে দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষা কার্যক্রমের বিষয়ে গৃহীত পদক্ষেপগুলো জানানো হয়। এছাড়া কমিশনের পদোন্নয়ন/পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে ইউজিসির ১০ জন কর্মকর্তাকে পদোন্নয়ন দেওয়া হয়। একইসঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস পরিচালনার জন্য বিশেষ বরাদ্দ চেয়ে সরকারের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়াও হয়।

