নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে দেশের হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা ও অনিয়ম চলছে। এসব হাসপাতালের অনিয়ম খুঁজে বের করতে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে চলতি ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দাবি করেন তিনি।
নির্বাচনী এলাকার লালমনিরহাটের হাসপাতালের চিত্র তুলে ধরে জিএম কাদের বলেন, সেখানে হাসপাতালে ৩৯ চিকিৎসক পদের মধ্যে ১১ জন কর্মরত, ৫৪ কর্মচারীর মধ্যে কর্মরত ৩৭ জন। এখানে প্রয়োজনীয় ২২ জন পরিচ্ছন্ন কর্মীর মধ্যে ৪টি পদ রয়েছে। হাসপাতালে ২২ জন ওয়ার্ড বয় ও সমান সংখ্যক আয়ার দরকার হলেও কোনো পদ নেই। নিরাপত্তা প্রাহরীর পদ নেই। হাসপাতাল থেকে বিভিন্ন সময় মন্ত্রণালয়কে এটা জানালে কোনো সুরাহা হয়নি।
তিনি আরও বলেন, বর্তমানে কোভিড-১৯ এর কারণে সারা বিশ্বে স্বাস্থ্য সেবার বিষয়টি সবার উদ্বেগের কারণ। বাংলাদেশের যে কোনো মানুষকে এখন জিজ্ঞাসা করলে তারা এক কথায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দেওয়ার কথা বলবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সম্পূরক বাজেটে তাদের কোনো সংশোধনী নেই। তাদের সম্পূরক বাজেট দাবি করতে হয়নি। বাস্তবতা হলো, তাদের বাজেট বরাদ্দের চেয়ে খরচ হয়েছে কম। চলতি ২০১৯-২০২০ অর্থবছরে ২৫ হাজার ৭৫৩ কোটি টাকা তাদের বরাদ্দ দেওয়া হয়েছে। তারা খরচ করতে পেয়েছে ২৩ হাজার ৬৯২ কোটি টাকা। দুই হাজার ৪১ কোটি টাকা তাদের খরচ কমানো হয়েছে।
এসময় তিনি কোভিড-১৯ মোকাবিলায় চাহিদা মাফিক অর্থ বরাদ্ধের দাবি করেন তিনি।

