নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রোববার (১৭ মে) সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তিনি এ শ্রদ্ধা জানান।
এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এমদাদুল হক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
১৬ মে (শনিবার) নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর মেয়র হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দায়িত্ব বুঝে নেন শেখ ফজলে নূর তাপস।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণে মেয়র নির্বাচিত হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। চার লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন তিনি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হন মোহাম্মদ সাঈদ খোকন। গত ১৬ মে তার মেয়াদ শেষ হয়। এবারের নির্বাচনে সাঈদ খোকনকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

