মেহেরপুর প্রতিনিধি : বাণিজ্য মেলায় র্যাফেল ড্র, সার্কাস ও হাউজিং খেলায় রাজস্ব ফাঁকির অভিযোগে জেলা প্রসাসকসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জেলা স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেছেন মেহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড বাসিন্দা অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, ক্রীড়া সংস্থার সদস্য সচিব আতাউল হাকিম লাল মিয়া, এনএসএফ ক্যাবল নেটওয়ার্ক মালিক সমিতির সভাপতি সানোয়ার উদ্দীন শহীদ, দৈনিক উল্লাস র্যাফেল ড্রয়ের মালিক মোবারক হোসেন ও র্যাফেল ড্র অনুষ্ঠানের সঞ্চালক পারভেজকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে মামলাটি দায়ের করা হয়।
বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তী সময়ে আদেশ জারি করবেন বলে জানান মামলার বাদী।
মামলার আর্জিতে বলা হয়েছে, নিয়ম বর্হিভুতভাবে জেলার গ্রামেগঞ্জে ৭০টির বেশি টিম মাইকিং করে লটারির টিকিট বিক্রি করছে। প্রতিদিনের র্যাফেল ড্র, হাউজিং ও সার্কাস অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপুল পরিমাণ আয় হলেও সরকারকে লাখ লাখ টাকা রাজস্ব, ভ্যাট, ট্যাক্স ফাঁকি দেয়া হচ্ছে। স্থানীয় ক্যাবল নেটওয়ার্কের পর্দায় প্রচার করা হচ্ছে র্যাফেল ড্র অনুষ্ঠান। এ অনুষ্ঠানের কারণে সামনের এসএসসি পরীক্ষার্থীরা বিড়ম্বনায় পড়েছেন।
আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ৪০৯/৫(২) ধারায় বিচারের দাবি করেন মামলার বাদী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
এদিকে, এ বিষয়ে যোগাযোগ করা হলে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেন, ‘মামলার বিষয়টি তিনি শুনেছেন। তবে তিনি ওই দুর্নীতির সঙ্গে জড়িত নন। কারা এরসঙ্গে জড়িত তা সবাই জানে।’

