মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর থেকে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা পুলিশ সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারদের বিষয়টি অবহিত করেন।
গ্রেপ্তাররা হলেন- মুন্সিগঞ্জের বিক্রমপুর থানার আব্দুল্লাপুরের সামচুল হক বেপারীর তিন ছেলে শরীফ বেপারী (২৭), সোহাগ বেপারী (৩১), জাহিদ বেপারী (২০), একই গ্রামের আব্দুল জলিল বেপারীর ছেলে নয়ন বেপারী (২২), ঢাকার মিরপুরের বাচ্চু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৩০) ও একই এলাকার আক্কেল আলী শেখের ছেলে রুবেল শেখ (২৬)।
পুলিশ জানান, গত ৯ ফেব্রুয়ারি ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ছয় থেকে সাত জনের এক দল মাইক্রোবাসে করে মাদারীপুরে আসছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মস্তফাপুর থেকে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেন।
এসময় তাদের কাছ থেকে ছয় ভরি স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র ও ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ‘জব্দ করা জিনিসপত্র ক্ষতিগ্রস্থদের বুঝিয়ে দেয়া হয়। ডাকাতাদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানায় ডাকাতি মামলা করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ডাকাতরাও আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।’

