নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে দিদার হোসেন সৌরভ (৩৮) নামে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এসময় হামলায় বাহার মিয়া ও মো. হোসেন নামের আরো দুই জন আহত হয়েছেন।
রোববার সকালে চরএলাহি ইউনিয়নের চর বালুয়া পুলিশ ফাঁড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
দিদার হোসেন সৌরভ ৬ নম্বর ওয়ার্ড চরবালুয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে চর বালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন জানান, সৌরভের নিজস্ব মাটি কাটার মেশিন ছিলো। তার মধ্যে এক মেশিনের চালক ছিলেন স্থানীয় চর আমজাদ গ্রামের বাহার মিয়া। শনিবার রাতে মেশিনের ভাড়ার হিসেব করতে বাহারের বাড়িতে যান সৌরভ।
এর কিছুক্ষণ পর ১০/১২ জনের কালো মুখোশধারী একদল দুর্বৃত্ত বাহারের বাড়িতে হামলা চালায়। এসময় তারা ঘরে থাকা সৌরভ, বাহার ও হোসেনকে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে মুখোশধারীরা সৌরভকে টেনে হিঁচড়ে ঘর থেকে উঠানে নিয়ে গলা কেটে পালিয়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থালে সৌরভের মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক জানান, রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

