গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রনি হাওলাদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়া এ সংঘর্ষ হয়।
নিহত রনি হওলাদার গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়ার আনোয়ার হওলাদারের ছেলে। সে বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ওই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মোল্লা বংশের ইউসুফ মোল্লা ও শেখ বংশের আজিজুর শেখের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।
এর জের ধরে বৃহস্পতিবার সকালে শেখ বংশের কয়েকজন সমর্থক মোল্লা বংশের রহিম মোল্লাকে মারধর করে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়েলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংষর্ষে লিপ্ত হয়। সংষর্ষে চলাকালে মোল্লা বংশের লোকজন আজিজুর শেখের বাড়ি ঘিরে ফেলে। এ সময় আজিজুর শেখ গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে রনি হাওলাদার ঘটনাস্থলে নিহত হয়। এ সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সংঘর্ষে নিহত হওয়ায় দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

