নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩০ জন।
বুধবার ভোররাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় দুই বাসের সংঘর্ষে ইমন নামে একজন নিহত হন।
তিনি ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
অপর দুর্ঘটনায় নিহতের পরিচয় জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে নিহত দুইজনই হেলপার ছিলেন।
এছাড়াও ঘন কুয়াশার কারণে সকালে বঙ্গবন্ধু সেতুর ওপর ১৭ নম্বর পিলারের কাছে ঢাকাগামী লেনে দুই ট্রাকের সংঘর্ষ বাঁধে।
পৃথক এই তিন ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এসব দুর্ঘটনার ফলে বঙ্গবন্ধু সেতু উভয়পাড়সহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার সড়কে যানজট দেখা দেয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান, সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব ভায়াডাক্ট অংশে ঢাকাগামী দুইটি বাসের সংঘর্ষ হয়। এতে এক বাসের হেলপার মারা যায়। এছাড়া আজ ভোররাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের আরেক হেলপার নিহত হন। আহত হন আরো দুজন। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ কামাল হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর ওপর দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

