নাটোর সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুর পৌর সদরের পার-গুরুদাসপুরে এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তাদের নিজ বাড়িতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা মনোয়ারা বেগম (৬৫) গুরুদাসপুর উপজেলার মুক্তিযোদ্ধা হাতেম মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও ভোর ৬টার দিকে স্ত্রীকে বাড়ি রেখে মসজিদে ফজরের নামাজ পড়তে যান মুক্তিযোদ্ধা হাতেম আলী। এর কিছুক্ষণের মধ্যেই হাতেম আলীর ভাতিজা খোকন মোল্লা মনোয়ারা বেগমের চিৎকার শুনতে পান।
চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন তার চাচি মনোয়ারা বেগম রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পরে আছেন। আহত মনোয়ারাকে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।
নিহত মনোয়ারা বেগমের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এবং ঘটনাস্থলেও এক রক্তমাখা ছুরি পাওয়া গেছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

