নিজস্ব প্রতিবেদক : নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। তবে নির্বাচন সুষ্ঠু হলে নিজের বিজয় সুনিশ্চিত বলে দাবি করেছেন তিনি।
সোমবার রাজধানীর ফার্মগেট এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় এমন দাবি করেন বিএনপির মেয়রপ্রার্থী।
এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তাবিথ আউয়াল এবং ইশরাক হোসেন।
এরপর ফার্মগেট আল রাজি হাসপাতাল, তেজকুনিপাড়া, রেলওয়ে মার্কেট, বিজ্ঞান কলেজ, কারওয়ান বাজার, ট্রাক স্ট্যান্ড, সাতরাস্তা বেগুনবাড়ি, নাবিস্কো ও ২৫নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। চতুর্থ দিনে তার প্রচারণা শুরু হয় তেজকুনিপাড়ার কলমীলতা মার্কেট থেকে।
তাবিথ আউয়াল বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা সকলকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করবো। জনগণ জেগে উঠেছে। ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ ভোট দিতে পারলে বিজয় সুনিশ্চিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন এবং ২৬নং ওয়ার্ড কমিশনার প্রার্থী আজিজুর রহমান মোসাব্বিরসহ নেতাকর্মীরা।

