কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় নৃশংসভাবে খুন হয়েছেন মো.নাছির উদ্দিন (২৬) নামের এক নৈশ প্রহরী। তার খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় এ হত্যাকাণ্ডটি ঘটে। দুর্বৃত্তরা ওই প্রহরীকে কুপিয়ে হত্যা করে ছিন্নভিন্ন দেহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেলে যায় ।
নিহত নাছির উদ্দিন নাওতলা গ্রামেরই রবিউল্লাহর ছেলে ।
তিনি গত তিন বছর ধরে নাওতলা সিনিয়র আলিম মাদ্রাসার পার্শ্ববর্তী বাচ্চু চেয়ারম্যান মার্কেটে পিতা রবিউল্লাহর পরিবর্তে খণ্ডকালীন নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতেন। তার স্ত্রী ও একটি মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে বাচ্চু চেয়ারম্যান মার্কেটে ছোট একটি দোকানে ব্যবসার পাশাপাশি রাতে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করেন নিহতের বাবা রবিউল্লাহ। বাবার সমস্যা হলে তার পরিবর্তে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করেন নাছির। সেই ধারাবাহিকতায় রোববার রাতে নাছির দায়িত্ব পালন করতে আসেন। সোমবার ভোরে নাছিরের বাবা দোকানের সামনে এসে রক্ত দেখে হাউমাউ করে চিৎকার শুরু করে। তার চিৎকারে পাশের লোকজন ছুটে এসে চারদিক খুঁজতে গিয়ে মহাসড়কে শরীরের বিভিন্ন অঙ্গ পরে থাকতে দেখে।
চান্দিনা থানা পুলিশ ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ছিন্নভিন্ন দেহ উদ্ধার করেন।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।

