কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ইয়াবা পাচারকারি নিহত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়ীর বিল এলাকায় বন্দুকযুদ্ধ হয়।
নিহতরা হলেন, টেকনাফের উনচিংপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি-৫ এর মো. আবু সৈয়দের ছেলে হেলাল উদ্দিন (২০) ও মৃত সুলতান আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৮)।
ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, মিয়ানমার থেকে ইয়াবা চালান প্রবেশের খবর পেয়ে বিজিবির একটি দল ফাঁড়ীর বিল সীমান্তে অভিযানে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে ৫/৬ জনের একটি দল মিয়ানমার থেকে অবৈধপথে বাংলাদেশের দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি শুরু করে। বিজিবির সদস্যরা পাল্টা গুলি চালায়।
পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার করা হয় ইয়াবা ও বন্দুক।
তিনি জানান, আহতদের দ্রুত উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি জানান, তাদের সঙ্গে থাকা আইডি কার্ড দেখে পরিচয় শনাক্ত করা হয়।

