মাদারীপুর সংবাদদাতা : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ১৮-১৯ নম্বর পিলারের ওপর বসানো হচ্ছে ২০তম স্প্যান। এতে দৃশ্যমান হবে পদ্মা সেতুর তিন কিলোমিটার।
মঙ্গলবার দুপুর ১টার দিকে এই স্প্যান বসানোর কাজ সম্পন্ন হবে।
পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আ. কাদের মুরাদ জানান, মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড-১ থেকে ছয় হাজার টন ধারণ ক্ষমতার তিয়ান-ই ভাসমান ক্রেনে করে ১৮ ও ১৯ নম্বর পিলারের কাছে ২০তম স্প্যান বসানোর কথা রয়েছে।
দুপুর ১টার দিকে এই স্প্যান বসানো শেষ হবে। এর আগে গত ১১ ডিসেম্বর পদ্মা সেতুর ১৭তম স্প্যান ও ১৮ ডিসেম্বর ২১ ও ২২ নম্বর পিলারে বসানো হয় ১৯তম স্প্যান। সেতুর ১৮তম স্প্যান বসানোর এক সপ্তাহের ব্যবধানে বসানো হয় ১৯তম স্প্যান।
আর ১৩ দিনের মাথায় পদ্মা সেতুর ২০তম স্প্যান বসানো হচ্ছে মঙ্গলবার সকালে। এনিয়ে চলতি মাসে পদ্মা সেতুর তিন স্প্যান বসানো হল।
তিনি আরো জানান, ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর মোট তিন হাজার মিটার অর্থাৎ তিন কিলোমিটার দৃশ্যমান হবে।
সেতু কর্তৃপক্ষ জানায়, দেশে আসা ৩৩ স্প্যানের মধ্যে মোট ১৯ স্প্যান বসানো হয়েছে। তাছাড়া সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজও সিডিউল অনুযায়ী চলছে।
দেশের সর্ববৃহৎ এ প্রকল্প নির্মাণ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড। তারা মূল সেতুর কাজ করছে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে সেতুর কাজ শুরু করা হয়। ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।

