জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র বিদেশী পিস্তল, গুলি ম্যাগাজিন, ককটেলসহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার জামালৃগঞ্জের চারমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তিনটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, চার ম্যাগাজিন, ২৫ সামুরাই, ছয় ককটেল জব্দ করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও জামালপুর গ্রামের মিন্টু সরকারের ছেলে রঞ্জু সরকার এবং ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের সুরুজ আলীর ছেলে আক্কাস আলী।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, গ্রেপ্তার যুবলীগ নেতা রঞ্জু ও আক্কাস দুজনেই এলাকার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। তারা দেশীয় অস্ত্র তৈরিসহ ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্নস্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন।
তারা আবারো অস্ত্র বেচা-কেনা করছেন, এমন গোপন সংবাদ পেয়ে অভিযানে যায় পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গুলি, ম্যাগাজিন ককটেলসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় অস্ত্র চাঁদাবাজী ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

