বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্রেজি জিমনেসিয়াম পরিচালক কামরান হোসেন (২৩) নিহত হয়েছেন। এসময় শ্রমিকসহ আরও তিনজন আহত হন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাট শহর রক্ষা বাঁধের কাঁচা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরান হোসেন বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া গ্রামের ইসারাত হোসেনের ছেলে।
আহতরা হলেন- বাগেরহাট শহরের সরুই এলাকার ইসমাইল হোসেনের ছেলে জাকির খলিফা (৩৫), পূর্ববাসাবাটি এলাকার সোবাহান তালুকদারের ছেলে মন্টু তালুকদার (৫৫) ও পথচারী সেলিম (৩২) । আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট সদর থানার ওসি তদন্ত মো. পান্নু মিয়া জানান, কামরান হোসেন তার এক বন্ধুকে বিসিক এলাকায় এগিয়ে দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে শহর রক্ষা বাঁধ এলাকায় তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আলুভর্তি এক ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
এবং ট্রাক থেকে আলু নামানোর দুই শ্রমিক ও এক পথচারীও আহত হন। তাদেরকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পর কামরান হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করে। আহতরা এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

